
ইতিমধ্যেই দেশ-বিদেশের অনেক পর্বতশৃঙ্গে আরোহণের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে
পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অভিযানে নেমেছেন তিনি। তিনি শিলিগুড়ি প্রধান নগরের বাসিন্দা দেবব্রত ঘোষ। দেবব্রত ইতিমধ্যে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস(৫৬৪২ মিটার) ও ফ্রান্সের মাউন্ট ব্লাঙ্ক(৪৮১০ মিটার)-এ আরোহণ করেছেন ২০১৬-র সেপ্টেম্বরে। আগামী ৩ জুন তিনি বের হচ্ছেন আফ্রিকার কিলিমানজারো(৫৮৮৫ মিটার) পর্বতশৃঙ্গ অভিযানে। তারপর অন্যান্য মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলি জয় করে সব শেষে এভারেস্টের উদ্দেশ্যে অভিযান করবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর এই দুঃসাহসিক অভিযানের জন্য শিলিগুড়ির হিমালয়ান অ্যাডভেঞ্চার নেচার ফাউন্ডেশন সংবর্ধনা জানায় তাঁকে। সংস্থার সদ্যস্যরা ভারতের জাতীয় পতাকা ও পর্বতারোহণের সরঞ্জাম তুলে দেন তাঁর হাতে।
৪০ বছর বয়স্ক দেবব্রত ছোট থেকেই এই ধরনের দুঃসাহসিক অভিযানে আগ্রহী। ইতিমধ্যেই ভারতের ১৫টি পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন তিনি। ১৯৯৯ সালে প্রথম ৬৯৩২ মিটার উঁচুতে গাড়োয়াল পাহাড়ের মাউন্ট শ্রী কৈলাস-এ আরোহণ করেন। তাছাড়া ৬৫০৭ মিটার উঁচু সুদর্শন শৃঙ্গ আরোহণ করেছেন। বিভিন্ন স্থানে পাহাড় চড়ার প্রশিক্ষণও রয়েছে তাঁর।
দার্জিলিং জেলা প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগের স্মৃতি বিজড়িত। তেনজিংয়ের স্মৃতিতেই প্রতি বছর ২৯ মে এভারেস্ট দিবস পালিত হয়। ঠিক তার আগেই নতুন পর্বত অভিযানের পরিকল্পনার কথা জানালেন শিলিগুড়ির দেবব্রত।
