
গোখরোটিকে গলায় জড়িয়ে সেলফি তোলার ইচ্ছে হয় তাঁর। বাসনা, মুখের পাশে ফণা তুলে থাকবে সাপ
সাপের সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন যুবক। আবার যে-সে সাপ নয়, খাস গোখরো। সেই সাপেরই ছোবল খেয়ে বেহুঁশ হয়ে লুটিয়ে পড়লেন তিনি। সোমবার ঘটনাটি ঘটে বিহারের গোপালগঞ্জের বেদুটোলায়। গ্রামের মন্দিরে খেলা দেখাতে আসা সাপুড়েকে হাত করে একটা গোখরো যোগাড় করেছিলেন বিকাশ সিংহ নামের ওই যুবক। গোখরোটিকে গলায় জড়িয়ে সেলফি তোলার ইচ্ছে হয় তাঁর। মুখের পাশে ফণা তুলে থাকবে সাপ। সাপুড়ে রাজি না হলেও জেদ করে তাঁর থেকে সাপ নেন বিকাশ।
বিপত্তি ঘটে সেলফি তুলতে যাওয়ার সময়েই। গোখরটি হঠাৎ ছোবল মারে বিকাশের হাতে। বেহুঁশ হয়ে পড়ে যান তিনি। অবশ্য সঙ্গে-সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়ায়, দ্রুত প্রতিষেধক পেয়ে প্রাণে বেঁচে যান বিকাশ সিংহ।
সেলফির নেশায় এমন বিপজ্জনক প্রবণতা দেখে অবাক অনেকেই। সেলফি তুলতে গিয়ে মৃতদের তালিকায় প্রথম সারিতে ভারত।
