
চালু হবে অভিনব সুকন্যা প্রকল্প
স্কুলপড়ুয়া মেয়েরা রাস্তাঘাট বা অন্য কোনো জায়গায় আক্রান্ত হলে যাতে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে পারে, তার জন্য এবার তাদের প্রশিক্ষণ দেবেন আইনরক্ষকরাই। সুকন্যা নামের এই প্রকল্প চালু করতে ইতিমধ্যেই অর্থ দপ্তর টাকা মঞ্জুর করেছে।
প্রাথমিকভাবে এই প্রকল্পে ৩০০টি স্কুলের বাছাই করা ছাত্রীকে প্রশিক্ষণ দেবে রাজ্য পুলিশ। প্রত্যেক স্কুল থেকে নেওয়া হবে ৪০ জন ছাত্রীকে। স্থানীয় থানার আইসি বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা সেই স্কুলগুলিতে গিয়ে ছাত্রীদের বোঝাবেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রশিক্ষণ কেন জরুরি। স্কুলগুলিতে দু’টি ব্যাচে আত্মরক্ষার ক্লাস চলবে ঘণ্টাখানেক ধরে। এই ছাত্রীরা প্রশিক্ষণ নেওয়ার পর নিজেরাই স্কুলের বাকি ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে। ক্যারাটে শেখানো থেকে শুরু করে কীভাবে আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতীকে ঘায়েল করতে হয়, তারও কৌশল আয়ত্ত করানো হবে ছাত্রীদের।
