
ট্রেন চলাচল দ্রুত হবে এই লাইনে
দীর্ঘদিন ধরে টালিগঞ্জ স্টেশনে একটি প্ল্যাটফর্ম দিয়ে আপ এবং ডাউন ট্রেন চলাচল করত। এতে সমস্যায় পড়তেন যাত্রীরা। আজ টালিগঞ্জ রেল স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্মেও রেলগাড়ি যাতায়াত শুরু হল। যার ফলে এই শাখায় ট্রেন চলাচল আরও দ্রুত হবে।
টালিগঞ্জ রেল স্টেশনের পাশেই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। সড়ক যোগাযোগেরও ক্ষেত্রেও টালিগঞ্জ স্টেশনের অবস্থান খুব গুরুত্বপূর্ণ। ফলে এই স্টেশনে যাত্রীদের সংখ্যা যথেষ্টই বেশি। এতদিন সেখানে একটি মাত্র প্ল্যাটফর্ম থাকায় চক্ররেল ও বজবজ শাখায় নিউ আলিপুর এবং লেক গার্ডেন্স স্টেশনে রেলগাড়ি দাঁড় করিয়ে আপ এবং ডাউন ট্রেন চলাচল করানো হত। এবার সেই ঝক্কির থেকে রেহাই মিলল।
নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু করানোর জন্য গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ প্রথম ট্রেন বজবজ থেকে ছেড়েছে বেলা ১১টা ৩৩ মিনিটে। সেই ট্রেন দুপুর বারোটা নাগাদ এসে দাঁড়ায় টালিগঞ্জের নতুন প্ল্যাটফর্মে।
