
এই মেট্রো স্টেশনে থাকবে তিনটি প্ল্যাটফর্ম
কলকাতার সবথেকে ব্যস্ততম মেট্রো স্টেশন হয়ে উঠতে চলেছে শিয়ালদহ। তাই এই স্টেশন নির্মাণে বিশেষ নজর দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। রোমের বিখ্যাত স্থাপত্য কলোসিয়ামের আদলে এই স্টেশন তৈরি করা হচ্ছে।
শিয়ালদহ রেল স্টেশনের মেইন ও দক্ষিণ শাখার যাত্রীরা এবং কলকাতার উত্তর শহরতলির বাসিন্দারা মূলত এই মেট্রো স্টেশন ব্যবহার করবেন। শিয়ালদহ মেট্রো স্টেশনে দু’টির বদলে থাকবে তিনটি প্ল্যাটফর্ম। যাত্রীদের প্রবল চাপ সামলাতে স্টেশনে ঢোকা এবং বেরনোর জন্য ১৮টি এসকালেটর থাকবে। আর থাকছে ৫টি লিফট, ৩১টি সিঁড়ি এবং ২৮টি টিকিট কাউন্টার। এখানে রেল চলবে মাটি থেকে ১৬ মিটার নিচ দিয়ে।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় শেষ। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত লাইন পাতার কাজ চলছে। গঙ্গার নিচেও কাজ চলছে দ্রুতগতিতে।
