
প্রথম ধাপে ক্লাস নাইন থেকে টুয়েলভ অবধি স্কুল খোলা হবে, পাশাপাশি খোলা হবে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও
রাজ্যে আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল-কলেজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন, প্রথম ধাপে ক্লাস নাইন থেকে টুয়েলভ অবধি স্কুল খোলা হবে। পাশাপাশি খোলা হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও। তবে তার আগে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা। এই বিষয়ে শিলিগুড়ির এক সভায় মুখ্য সচিবকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
স্কুল খোলার আগে রাজ্যের সমস্ত স্কুল-কলেজগুলিকে পরিষ্কার করে স্যানিটাইজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে নজর রেখেছেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে তিনি যেমন পরামর্শ দেবেন, সেই অনুযায়ী পদক্ষেপ নেবে শিক্ষা দফতর।”
সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার এবং দুয়ারে সরকার বিষয়ে মুখ্যমন্ত্রীকে তথ্য দিচ্ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তারই মধ্যে মুখ্যমন্ত্রী বলেন, “কালীপুজো হচ্ছে ৪ তারিখ (৪ নভেম্বর)। ১০ ও ১১ তারিখ হচ্ছে ছটপুজো। ১৩ তারিখ হচ্ছে জগদ্ধাত্রী পুজো। স্কুল, কলেজ খোলার বিষয়টি ১৫ তারিখ (১৫ নভেম্বর) থেকে করে দাও। তার আগে স্কুল-কলেজগুলি পরিষ্কার করতে হবে। সেগুলি মাথায় রাখ।”
দেড় বছরের বেশি বন্ধ থাকায় অনেক স্কুলের ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও স্কুলের ভবনে ফাটল ধরেছে। কোথাও আবার আগাছা গজিয়েছে। সেজন্য সেইসব ভবন মেরামত করতে মোট কত টাকা লাগবে, তা নির্ধারণ করতে জেলাশাসকদের চিঠি পাঠানো হয়েছিল। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিস্তারিত হিসাব পাঠানোর নির্দেশ দিয়েছিল রাজ্য। নবান্ন সূত্রে খবর, জেলাভিত্তিক রিপোর্ট হাতে পেয়ে স্কুল ভবন সারাইয়ের জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
