পাহাড়ে অশান্তির জেরে সমতলে নেমে এল স্কুল

শুরু হয়েছে মূলত দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরই ক্লাস

বনধের জেরে পাহাড়ে পড়াশুনা লাটে উঠেছে। এই অবস্থায় পাহাড়ের বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু হয়েছে। পড়াশোনা বন্ধ করে অনেক শিক্ষক ও ছাত্রছাত্রীর গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে মিছিলে যোগ দেওয়ার খবরও পাওয়া যাচ্ছে। কিন্তু তার মধ্যেই কিছু ছাত্রছাত্রী গোপনে পাহাড় থেকে শিলিগুড়ি এসে পড়াশুনা শুরু করেছে।

আইসিএসই ও আইএসসি অনুমোদিত পাহাড়ের দুটি স্কুলের দেড়শোর বেশি ছাত্রছাত্রী শিলিগুড়ি এসে পয়লা আগস্ট থেকে তাদের ক্লাস বা পড়াশুনা শুরু করেছে। মূলত দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরই ক্লাস শুরু হয়েছে। জনা দশেক শিক্ষক পাহাড় থেকে শিলিগুড়িতে লুকিয়ে এসে ক্লাস নিচ্ছেন। মাটিগাড়ার একটি ইংরেজি মাধ্যম স্কুলে যেমন তাদের ক্লাস হচ্ছে তেমনই সেভক রোডের একটি ভবনে ক্লাস হচ্ছে। সেভক রোডের উত্তরবঙ্গ মাড়োয়ারি ভবনের মধ্যে তাদের ক্লাস হচ্ছে সকাল দশটার পর। তবে সেই ক্লাসের ছবি তোলা বারণ। বিজয় তামাং, কালিম্পং-এর এক শিক্ষক, কতদিন এই ক্লাস চলবে প্রশ্ন করলে জানালেন, এদের পরীক্ষা না হওয়া এবং পাহাড় স্বাভাবিক না হওয়া পর্যন্ত। কারণ এদের মধ্যে অনেক মেধাবী ছাত্র আছে। এরা ঠিকমতো না পড়লে সর্বভারতীয় পরীক্ষায় পিছিয়ে যাবে। তবে সেখানে মূলত বিজ্ঞানই পড়ানো হচ্ছে। বাকি বিষয় যেমন কলা বা বাণিজ্য পড়ানো হচ্ছে না। সেসব পড়ানোর ভাবনাও হচ্ছে। পাহাড়ের এই লাগাতার বনধ চলতে থাকায় শিক্ষাক্ষেত্রে পাহাড় যে ভয়ানক পিছিয়ে যাচ্ছে, তা স্বীকার করেন সেখানকার অনেকেই। কিন্তু কেউ মুখে কিছু বলতে নারাজ। অনেক অভিভাবক ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে বাইরে পড়াশুনার জন্য ছেলেমেয়েকে পাঠিয়ে দিচ্ছেন। পড়াশুনার বিষয় হলেও তা তাঁদের গোপন রাখতে হচ্ছে বলে শিক্ষক ও ছাত্ররা জানালেন। তবে অবস্থার কথা চিন্তা করে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মাড়োয়ারি ভবন অত্যন্ত কম খরচে তাঁদের ভবন ভাড়া দিচ্ছে বলে শিক্ষকরা জানালেন।

Developed by DXDasia