৭০০ জনের অনুদানে উঠল ২১ লক্ষ টাকা, তৈরি হচ্ছে স্কুল

পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে শবর জনজাতির শিশুদের জন্য তৈরি হচ্ছে স্কুল

ফেসবুকে সেলফি পোস্ট বা শীতকালীন বনভোজনের ছবি আপলোড না করে একদল তরুণ ভাবলেন রুক্ষ মাটির গ্রামগুলো নিয়ে কিছু করা যায় কি না। সেই তাগিদ থেকেই ওঁরা পৌঁছে গিয়েছিলেন পুরুলিয়ার শবর জনগোষ্ঠীর গ্রামে। যেখানে আজও বহু দরকারি জিনিস পৌঁছোয়নি। তার মধ্যে প্রধান একটি হল শিক্ষা। 

বছরখানেক আগে উদ্যোক্তা স্বর্ণাভ দে এবং অন্যান্যরা ফেসবুকের ‘সব আলোর জগতে’ নামক গ্রুপে আবেদন জানান। প্রায় একবছর ধরে সেই আবেদনে সাড়া দিয়েছেন শহর, শহরতলির ৭০০ জন মানুষ। সেখান থেকে উঠে এসেছে প্রায় ২১ লক্ষ টাকা। ক্রাউড ফান্ডিং-এর এই টাকা দিয়েই পুরুলিয়ার বরাকর অঞ্চলের সিন্দরি গ্রামে জমি কেনা হয়েছে। তার সঙ্গে চলছে আবাসিকদের জন্য ঘরবাড়ি তৈরির কাজ। শহুরে একদল তরুণদের স্বপ্নে পা মিলিয়ে নতুনভাবে উল্লাসের রসদ খুঁজে পেয়েছেন গ্রামের শবর শিশুরা। আগামী শিক্ষাবর্ষ থেকে অন্তত ২৫টি জনজাতির ছাত্রছাত্রীকে ওই স্কুলে রেখে পড়াশোনা করানো সম্ভব হবে। এর জন্য প্রায় ৭০টি গ্রামে ঘুরে ঘুরে শবর জনজাতির বাচ্চাদের স্কুলে থেকে পড়াশোনা করার ব্যাপারে রাজি করানো সম্ভব হয়েছে।

স্কুল চালাতে বার্ষিক খরচ তোলার বিষয়টিও ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে তোলা হবে। ৭০০ জনের অনুদানে তৈরি করা হয় একটি ট্রাস্ট। উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন প্রায় ২০-২৫ জন। প্রত্যেকে পালা করে কাজটি করছেন। উদ্যোক্তাদের প্রধান স্বর্ণাভ দে এই মুহূর্তে রয়েছেন পুরুলিয়াতেই। বহু স্কুল-কলেজ পড়ুয়াও এই অনবদ্য উদ্যোগে সামিল হয়েছেন। 
 

Developed by DXDasia