সাত শৃঙ্গ, সাত আগ্নেয়গিরি জয়ের বিশ্বরেকর্ড বাংলার সত্যরূপের

বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী

এভারেস্ট-সহ সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ শৃঙ্গে পা রাখা। সঙ্গে ছুঁয়ে ফেলা সাতটি আগ্নেয়গিরির চুড়োও! পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই বিরল বিশ্বরেকর্ড গড়েছেন বাংলার সত্যরূপ সিদ্ধান্ত। কাল সত্যরূপের নাম ঘোষণা করেছে গিনেস বুক। এই বছরেই ১৫ জানুয়ারি আন্টার্কটিকার মাউন্ট সিডলি-র চুড়োয় পা রেখে মাত্র ৩৫ বছর ২৬১ দিন বয়সে এই বিশ্বরেকর্ডের অধিকারী হয়েছেন সত্যরূপ। এতদিন এই রেকর্ডের ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে। ৩৬ বছর বয়সে এই নজির গড়েছিলেন ড্যানিয়েল।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এই বিশ্বরেকর্ডের ঘোষণার দিনেও অবশ্য আরেকটি বিশ্বরেকর্ড ধাওয়া করতে ব্যস্ত সত্যরূপ। তিনি এখন সুমেরু অভিযানে। ৮৯ ডিগ্রি অক্ষাংশ থেকে ১১১ কিমি পথ অতিক্রম করে পৃথিবীর উত্তরতম বিন্দু ‘লাস্ট ডিগ্রি স্কি’-তে পোঁছানোই চ্যালেঞ্জ তাঁর। আর সেটা হলেই সম্পূর্ণ হবে ‘এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্লাম’-এর নজির। বিশ্বের উচ্চতম সাতটি শৃঙ্গ, সাতটি আগ্নেয়গিরির পাশাপাশি দুই মেরু জয় করলে তবেই সম্পূর্ণ হয় ‘এক্সপ্লোরার্স গ্র্যান্ড স্লাম’। সুমেরু অভিযান সফল হলে এক্ষেত্রেও বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবেই এই নজির ছোঁবেন সত্যরূপ। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে কুমেরু জয় করেছিলেন তিনি।

জন্ম বহরমপুরে এবং কলকাতার কবরডাঙার বাসিন্দা সত্যরূপ ছোটো থেকেই ভুগতেন শ্বাসকষ্টে। অ্যাডভেঞ্চার স্পোর্টস কিংবা ট্রেকিং নিয়েও দীর্ঘদিন কোনো ধারণাই ছিল না তাঁর। প্রথম ট্রেকিং তামিলনাড়ুতে ২০০৮ সালে। তারপর ঠিক করেন, পাহাড়কেই নিজের বন্ধু বানাবেন। এভারেস্ট জয়ের সময় কাজ করা বন্ধ করে দিয়েছিল অক্সিজেন। ভয় পাননি সত্যরূপ। শ্বাসকষ্টের সঙ্গে যুদ্ধ করেই যে বড়ো হয়ে ওঠা তাঁর। 

সাত শৃঙ্গ, সাত আগ্নেয়গিরির পর দুই মেরু জয়ের দিকে এগোচ্ছেন এই বঙ্গসন্তান। কে বলে বাঙালিরা ঘরকুনো!     

Developed by DXDasia