মুম্বাই চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করা হল সত্যজিৎ রায় প্যাভিলিয়নের – পড়ুন সারাদিনের বাছাই খবর

দিনযাপনে বাছাই করা খবর

মুম্বাই চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করা হল সত্যজিৎ রায় প্যাভিলিয়নের

মঙ্গলবার, ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৬তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৩ ফেব্রুয়ারি, সোমবার পর্যন্ত। এবারের উৎসবে ভারতের ৭২৯টি ছবি এবং বিশ্বের ২৪টি দেশের ১৪৪টি ছবি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। এবছরের ফোকাস দেশ আয়ারল্যান্ড। মুম্বাই চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছে সত্যজিৎ রায় প্যাভিলিয়ন। বুধবার সেই প্যাভিনিয়নের উদ্বোধন করেন বিশিষ্ট মালয়ালম চলচ্চিত্রকার শাজি এন করুণ। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অস্কারজয়ী ডাচ অ্যানিমেশন চলচ্চিত্র পরিচালক মাইকেল দুদক দে উইট এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের পশ্চিমাঞ্চলের ডিরেক্টর জেনারেল মণীশ দেশাই। সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি সিনেমা এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে।

করোনার মোকাবিলায় প্রস্তুত রাজ্য

করোনার প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর যেসব পদক্ষেপ নিয়েছে, তার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পদস্থ আধিকারিকরা এবং ন্যাশানাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের কর্তারা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অফিসারদের সঙ্গে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসারদের বৈঠক ছিল। সেখানে উঠে আসে, করোনার মোকাবিলায় রাজ্য এখন প্রস্তুত। করোনা বিষয়ক কেন্দ্রীয় নির্দেশিকা আসার পরই আইডি হাসপাতাল ও উত্তরবঙ্গের এই ধরনের রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য রয়েছে উপযুক্ত পরিকাঠামো। নেপাল-বাংলা সীমান্তের তিন জায়গায় নজরদারির পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য রয়েছে প্যারামেডিক্যাল টিম। করোনা সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমজনতা দুটি টোল ফ্রি নম্বর ফোন করতে পারেন। রাজ্য সরকারের চালু করা ২৪ ঘণ্টার দুটি টোল ফ্রি নম্বর হল ১৮০০৩১৩৪৪৪২২২ এবং ০৩৩২৩৪১২৬০।

মাছ চাষে ঋণ দেবে সমবায় ব্যাংক

রাজ্যে এবার মাছের চাষে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। মৎসচাষ নিয়ে সম্প্রতি একটি জাতীয় স্তরের আলোচনাসভা আয়োজিত হয় সল্টলেকে। সেখানে রাজ্যের পঞ্চায়েত ও সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এমভি রাও জানান, রঙিন ও অন্যান্য মাছ চাষের জন্য ঋণ দেবে সমবায় ব্যাংক। এই সুযোগ নিতে পারেন সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্য মৎসচাষিরা। খুব তাড়াতাড়িই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। এছাড়া, মাছ চাষের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও করছে পঞ্চায়েত দপ্তর। মাছ চাষে যে বিদ্যুৎ ব্যবহার করা হয়, তাতে ভর্তুকি চালু করতে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলা হবে বলে জানান এমভি রাও।
Developed by DXDasia