
জয়ললিতার মৃত্যুর পর দলের সাধারণ সম্পাদকের পদে বসেছিলেন শশিকলা
এআইএডিএমকে থেকে বহিষ্কৃত ভিকে শশিকলা। বহিষ্কার করা হয়েছে তাঁর ভাইপো টিটিভি দিনকরণকেও। মঙ্গলবার সকালে চেন্নাইয়ে দলের সাধারণ পরিষদের বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত।
গত বছর ৫ ডিসেম্বর মৃত্যু হয় জয়ললিতার। জয়ললিতার মৃত্যুর পর গত বছর ২৯ ডিসেম্বর ওই পদে বসেছিলেন শশিকলা। মঙ্গলবার জয়ললিতার নামেই দলের সাধারণ সম্পাদকের পদটি চিরকালের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে ই পালানিস্বামী এবং ও পন্নিরসেলভমের সংযুক্ত এআইএডিএমকে।
ক্ষুব্ধ দিনকরণ সংবাদমাধ্যমকে জানান, ‘ই পালানিস্বামী এবং ও পন্নিরসেলভম শিবিরে যত জালিয়াতদের ভিড়। তাই তাদের সিদ্ধান্তে কিচ্ছু যায় আসে না। এটা সাময়িক বাধা মাত্র। খুব শিগগির তা পেরিয়ে যেতে পারব। শশিকলা ছাড়া আর কেউই আম্মার শূন্যস্থান পূরণ করতে পারবেন না।’ তবে, শশিকলা ও দিনকরণকে বহিষ্কারের সিদ্ধান্তে সিলমোহর দিতে পারবে আদালতই।
দুর্নীতির অভিযোগে শশিকলা জেলে যাওয়ার পর এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিকবদল, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
