
১০০ বছর ধরে হর্ন বাজানো হলেও ঝিলের পাখিদের কোনও ক্ষতি হয়নি, এমন বক্তব্য রেলের
জাতীয় পরিবেশ আদালতের অসন্তুষ্টির মুখোমুখি দক্ষিণ-পূর্ব রেল। সাঁতরাগাছি ঝিল সংক্রান্ত একটি মামলার শুনানিতে গত ৩ মার্চ সাঁতরাগাছি ঝিল ও তার সংলগ্ন জায়গাকে ‘সাইলেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছিল আদালত। মঙ্গলবার রেল জানায়, ওই এলাকায় তিনটি লেভেল ক্রসিং থাকায় শান্টিং হয়, ফলে হর্ন না-বাজালে বিপদের সম্ভাবনা প্রচুর। পাশাপাশি, ১০০ বছর ধরে হর্ন বাজানো হলেও ঝিলের পাখিদের কোনও ক্ষতি হয়নি, এমন বক্তব্য রেলের।
যদিও, রেলের যুক্তি শুনে আদালত জানায়, একশো বছরে পৃথিবী এগিয়ে গিয়েছে অনেকটাই। সামান্য শব্দও পাখিদের সমস্যার কারণ হতে পারে। কীভাবে শব্দমাত্রা কমানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা করতে বলা হয়েছে রেলকে। রাজ্যের পরিবেশ সচিব জানান, এলাকাটিকে ‘সাইলেন্স জোন’ হিসেবে ঘোষণা করতে সমস্যা নেই তাঁদের।
অন্যদিকে, নিকাশি জল থেকে ঝিলের দূষণ আটকাতে যে নিকাশি শোধন কেন্দ্র গড়ার কথা বলা হয়েছিল, সে-সংক্রান্ত জমি জট কাটিয়ে ওঠার জন্যেও রেলকে নির্দেশ দিয়েছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে ঝিল এলাকা থেকে বেআইনি দখলদার হঠানোরও।
