কলেজের পুরোনো চেহারায় ফিরতে চলেছে সংস্কৃত বিশ্ববিদ্যালয়

হেরিটেজ কমিশনের পরামর্শে কাজ করবে পূর্ত দপ্তর

ঐতিহ্যের প্রতি সম্মান রেখে কলেজের আদি চেহারাকে পুনরুদ্ধার করতে চেষ্টা চালাচ্ছে সংস্কৃত কলেজ কর্তৃপক্ষ। আগে কলেজের সদর দরজা ছিল কলেজ স্কোয়ারের দিকে। পরে কলেজ স্কোয়ার তৈরি হওয়ার পর সেটি বন্ধ হয়ে যায়। আবার সেখানেই নতুন করে বিশ্ববিদ্যালয়ের সদর দরজা খুলতে চলেছে।

১৮২৪ সালে তৈরি হয়েছিল সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠান ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। এবার এই প্রতিষ্ঠানের বাহ্যিক রূপকে সেই আগের ভোলে নিয়ে যাওয়া জন্য পূর্ত দপ্তরের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাস পরিদর্শন করে গেছেন হেরিটেজ কমিশনের স্থপতি। রাজ্য হেরিটেজ কমিশনের পরামর্শ নিয়ে পূর্ত দপ্তর এই সংস্কারের কাজে হাত দেবে। পড়ুয়াদের জন্য তৈরি হবে ক্যান্টিন, এতদিন বিশ্ববিদ্যালয়ে যা ছিল না। বেশ কিছু নতুন শৌচালয় বানানো হবে। 
 

Developed by DXDasia