বাংলায় কিছু কেন্দ্রে উপনির্বাচন হলে সিপিএম কি ফের জোটে যাবে, না একলা চল?

কমরেড, আপনার মতামত খুলে বলুন বঙ্গদর্শনে

তেলের সঙ্গে  জল কি মেশে? অথবা সিপিএম এর সঙ্গে কংগ্রেস। প্রথমটা না মিললেও দ্বিতীয়টা যে দিব্য মিশ খায়, সেটা দেখা গিয়েছিল এ বারের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে। দশ হাত বহরের রজনীগন্ধার মালায় রাজ্যের মসনদ দখলের স্বপ্ন দেখেছিলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধি ও এ রাজ্যের প্রধান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের মানুষ কিন্তু নাটকটা দেখে মুখ টিপে হেসেছিলেন। বুদ্ধ-রাহুল দেখতে পাননি। ভোটগণনার দিন বিকেলবেলা সাংবাদিক সম্মেলনে বসেছিলেন বামনেতারা। সেটা মিটলে বিমান বসু, শ্যামল চক্রবর্তীরা কয়েক জন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। কেন এ রকম ফলাফল? নানা মত উঠে আসছিল। এ সব আলোচনা খুবই স্বাভাবিক। কিন্তু সিপিএম নেতাদের অনেকের কথাতেই একটু অস্পষ্ট ভাবে ছিল অন্য এক উত্তেজনা। চাপা আশঙ্কা। কী সেটা? এক জন অন্যতম শীর্ষ বাম নেতার কথাটা অনেকের মুডটাকে ধরতে পারে। তিনি বলেছিলেন, আরেকটু ভালো ফল হওয়ার খুব দরকার ছিল। এ-তো শ্যাম ও কূল দু’টোই যাওয়া। এরপর কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমাদের কচুকাটা করতে প্রকাশ কারাটদের কোনও অসুবিধে হবে না। আর বাংলার প্রকাশপন্থী হাতেগোনা কয়েকজন নেতা সেসব দেখে মিটিমিটি হাসবেন। পাঠক মনে করে দেখুন, তা-ই হয়েছিল। কেন্দ্রীয় কমিটির মত সিপিএমের বাংলা কমিটি, দলের গৃহীত সিদ্ধান্ত থেকে বিচ্যুত হয়েছে, সংশোধন দরকার। মাথা নিচু করে চুপ মেরে বসেছিলেন বড় বড়  জোটপন্থী নেতারা। কোনও প্রতিবাদ করেননি বুদ্ধ, সূর্য, বিমানরা। অতঃকিম?

ইতিমধ্যেই কংগ্রেসের দু-জন বিধায়ক দলত্যাগ করেছেন। দলবদল শিবিরে নাম লিখিয়েছেন এক সিপিএম বিধায়কও। দুই দলই দলত্যাগ বিরোধী আইনে এঁদের বিধায়কপদ বাতিল করতে চাইছেন। কী হবে তা ভবিষ্যতের গভীরে। কিন্তু যদি দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ বাতিল হয়, তবে বাঁকুড়ার বিষ্ণুপুর, মালদহের হব্বিপুর বা মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই এ ধরনের উপনির্বাচন নিয়ে জল্পনা উঠছে রাজনৈতিক মহলে। যদি উপনির্বাচন হয়, সিপিএম কী করবে? কেন্দ্রীয় কমিটির ধমক খেয়ে সংশোধিত সিপিএম কী আলাদা লড়বে, না-কি আবার কংগ্রেসের সঙ্গে জোটপথই ধরবে? জোটের পথে কিন্তু খুব ঘোঁট। কেন্দ্রীয় কমিটির আঁকচা- আঁকচিতে ভেঙেও যেতে পারে ১৯৬৪ সালে তৈরি হওয়া সিপিএম নামের দলটি। আবার জোট না করলে কালের অতল গর্ভে হারিয়ে যেতে পারে বাংলার সিপিএম। অস্তিত্বের অর্ধশতক পার করে এ-কী দ্বিধায় এ দেশের প্রধান মাকর্সবাদী দল?

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান।

কমরেড, আপনার মতামত খুলে বলুন বঙ্গদর্শনে।  

 

Developed by DXDasia