
মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে জোরদার হচ্ছে দাবি
এদেশের অনেক মহিলাই ঋতুকালীন অবস্থায় স্বাস্থ্যসম্মত পদ্ধতি মেনে চলেন না এখনও। তাই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উচিত ভোটের প্রচারে স্যানিটারি ন্যাপকিন নিয়ে সচেতনতার বিষয়টিও তুলে ধরা। পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এরকমই মনে করেন। তাঁরা নিজেরাও অল্প দামে এলাকার মহিলাদের কাছে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়ার কাজে যুক্ত রয়েছেন।
শ্রীরামপুর সর্বজয়া মহিলা মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের অধীনে কম দামে স্যানিটারি প্যাড তৈরি করে এখন স্বনির্ভর এখানকার মহিলারা। প্রয়োজনে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ন্যাপকিনের উপকারিতাও বুঝিয়ে আসেন। দূর-দূরান্তের গ্রামেও এখন পৌঁছে যাচ্ছে তাঁদের বানানো স্যানিটারি ন্যাপকিন। এঁদের মতে, বিভিন্ন দলের প্রার্থীরা যদি অন্যান্য বিষয়ের সঙ্গে স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজনীয়তার ব্যাপারেও প্রচার করেন, তাহলে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা তো বাড়বেই, পাশাপাশি বাড়বে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহারও। তবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিষয়টি ভোটের প্রচারে তুলে ধরা নিয়ে এখনও কুণ্ঠার মধ্যে রয়েছেন। সংসদে গিয়ে বিষয়টি নিয়ে সোচ্চার হবেন বলে জানিয়েছেন তাঁরা।
তথ্যসূত্র – এই সময়
