বিশ্বের দরবারে আবার শ্রেষ্ঠ বঙ্গসন্তান

এই নিয়ে টানা দু’বার ‘বিশ্ব বডিপেন্টিং ফেস্টিভ্যাল’-এ প্রথম হলেন সনাতন দিন্দা

বিশ্বের মঞ্চে আবারও শ্রেষ্ঠত্বের শিরোপা বাঙালির। এই নিয়ে পরপর দু’বার ‘বিশ্ব বডিপেন্টিং ফেস্টিভ্যাল’-এ প্রথম হলেন সনাতন দিন্দা। ২০১৫-তে অল্পের জন্য দ্বিতীয় হলেও তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এ-বছরও ‘ব্রাশ অ্যান্ড স্পঞ্জ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন তিনি। ফাইনাল রাউন্ডে বিভিন্ন দেশের ৩৩ জন প্রতিযোগীকে হারাতে মডেলের শরীরে ফুটিয়ে তোলেন ভারতের শিল্পকলা-উৎসব। দীপাবলি, হোলি, নবান্ন, খাজুরাহোর হর-পার্বতী – এসবই তাঁর তুলিতে জীবন্ত হয়ে ওঠে মডেলের শরীরে। এবার এই ফেস্টিভ্যালের ২০তম বছর।

ভারতবর্ষে বডি পেইন্টিং-এর চল আজও খুব একটা নেই। ২০১৩ সালে সনাতন অস্ট্রিয়ায় গিয়ে প্রথম স্বাদ পান শিল্পের এই ধারার। ২০১৫ সালে মাত্র ২ নম্বরের জন্য দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ২০১৬-তে নেদারল্যান্ডের প্রতিযোগীকে ২৪ নম্বর পিছনে ফেলে জয়ী হন সনাতন। 

এ-বছরের জয় আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বাড়িয়ে দিয়েছে এই বঙ্গসন্তানের গুরুত্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে ডাক আসছে ওয়ার্কশপের জন্য। কেমন এই অনুভূতি? সংবাদমাধ্যমকে সনাতন জানান, ‘আমি এখন বডিপেন্টিং নিয়ে মজে। বিশ্বকে দেখাতে পেরেছি, মডেলের গায়ে রং-তুলিতে আঁকিবুঁকি করি বডিপেন্টিং নয়, বহু বার্তাও তুলে ধরা যায়।’ 
 

Developed by DXDasia