
৫০ জনকে দেওয়া হবে হেলথ কার্ড
চিকিৎসার অভাবে বোনের মৃত্যুর পর তার স্মৃতিতে তিল তিল করে হাসপাতাল গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ট্যাক্সিচালক সহিদুল লস্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠানেও ডাক পেয়েছিলেন তিনি। এবার সেই হাসপাতালেই নিজের ট্যাক্সিচালক বন্ধুদের নিখরচায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য হেলথ কার্ড দিতে চলেছেন বছর পঁয়তাল্লিশের এই মানুষটি।
দক্ষিণ ২৪ পরগনার পুঁড়ি গ্রামের বাসিন্দা সাহিদুল লস্কর আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক অভিনব উদ্যোগ নিয়েছেন। বোনের স্মৃতিতে গড়া ‘মারুফা ওয়েলফেয়ার হসপিটাল অ্যান্ড জেরিয়াট্রিক রিসার্চ ইন্সটিটিউট’-এর তরফ থেকে সেদিন কলকাতা ও শহরতলির ৫০ জন ট্যাক্সিচালকের হাতে হেলথ কার্ড তুলে দেবেন তিনি। ওই হেলথ কার্ড দেখানে চালক ও তাঁদের পরিবার নিখরচায় চিকিৎসা করাতে পারবেন মারুফা হাসপাতাল থেকে। তার পাশাপাশি, ওই হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসকদের অন্যত্র দেখানোর ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে হেলথ কার্ডে।
সহিদুলের লস্করের এই অভিনব কাজে তাঁর সহকর্মী ট্যাক্সিচালকরা আপ্লুত। তাঁর এই উদ্যোগ মানুষের সেবায় এগিয়ে আসতে আরো অনেক লোককে প্রেরণা জোগাবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
