
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’ নকশা হয়ে পুজোর আগেই পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে
মনে পড়ে ছোটবেলায় পড়া সহজপাঠের কথা? এবার পশ্চিমবঙ্গে তৈরি শাড়িতেও খুঁজে পাওয়া যাবে সেই নস্টালজিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’ নকশা হয়ে পুজোর আগেই বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। দেশ-বিদেশেও পাঠানো হবে এই শাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শাড়ির নাম দিয়েছেন ‘বাংলাশ্রী’।
বিশ্ব বাংলা নিগমের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং-এর অফিসাররা তাঁতশিল্পীদের সঙ্গে কথা বলে ইতিমধ্যেই শাড়ির নকশা দেখেছেন। বেশ কিছু ডিজাইন দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীকেও। পাশাপাশি, সহজপাঠ ছাড়া ভাবা হচ্ছে অন্যান্য নানা ঐতিহ্যবাহী নকশার কথাও। শাড়ির মান গুণগতভাবে যাতে খারাপ না হয়, সে-দিকে নজর রেখেছেন বিশ্ব বাংলা নিগমের অফিসারেরা। শিল্পীরাও আনন্দিত এমন উদ্যোগের অংশীদার হতে পেরে।
