ডিলিট উপাধিতে ভূষিত হলেন সাবিত্রী চট্টোপাধ্যায়

ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় কর্তৃক এই উপাধি দেওয়া হয়

অভিনয় জীবনের উপান্তে এসে অ্যাকাডেমিক স্তরের সর্বোচ্চ সম্মান পেলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ডিলিট উপাধি প্রদান করা হল এই অভিনেত্রীকে। বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির এদিন আসার কথা থাকলেও আসতে পারেননি। 

২০১৩ সালে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়। বর্তমানে এখানে ১৪টি বিভাগে স্নাতকোত্তর পড়ানো হয় (কলা ও বিজ্ঞান মিলিয়ে)। এমফিল, পিএইচডি করারও সুযোগ রয়েছে। রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, “উত্তর-পূর্ব ভারতের মধ্যে প্রথম নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নের লক্ষ্যে দীর্ঘদিন কাজ করে চলেছে এই বিশ্ববিদ্যালয়।” ডিলিট উপাধি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন জীবনের শেষপর্যায়ে এসে এই স্বীকৃতি তাঁকে গর্বিত করেছে।

Developed by DXDasia