
এভাবেই সাগর দত্ত হাসপাতালের চারজন রোগীর বাড়ির খোঁজ পেয়েছেন তাঁরা
বাড়ির ঠিকানা ঠিকমতো বলতে পারেন না কেউ কেউ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও নেই ঠিকানা। এমনই হাসপাতালে থেকে গেছেন এমন বেশ কয়েকজন বৃদ্ধ রোগীকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাবের সদস্যরা।
সরকারিভাবে এই কাজ শুরু করা হল ব্যারাকপুর থেকে। মহকুমাশাসক পীষূষ গোস্বামী জানান, ‘সাগর দত্ত হাসপাতালে এমন অনেক রোগী আছেন যাঁরা ঘরে ফিরতে পারছেন না। তার পরেই হ্যাম রেডিও ব্যবহারকারীদের সাহায্য চেয়েছিলাম। আধার কার্ড বিভাগের কর্মীদের নিয়ে তাঁরা এই কাজ অনেকটাই সহজ করে দিয়েছেন।’ পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাবের সদস্য অম্বরীশ নাগবিশ্বাস জানান, ওই রোগীদের মধ্যে যাঁদের আধার কার্ড আছে, তাঁদের আঙুলের ছাপ নিয়ে সেই সূত্রেই বাবা বা স্বামীর নাম খুঁজে পাওয়ার পরিকল্পনা হয়েছিল। এভাবেই সাগর দত্ত হাসপাতালের চারজন রোগীর বাড়ির খোঁজ পেয়েছেন তাঁরা। শুরু হয়েছে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থাও। একই সঙ্গে, আবার অসুস্থ হলে বাড়ির লোক যাতে রোগীকে হাসপাতালে রেখে উধাও না হন, সেদিকেও নজর রাখবেন হ্যাম রেডিও ব্যবহারকারীরা।
