রবার্ট ভদ্রার বিরুদ্ধে বেআইনিভাবে জমি কেনার অভিযোগ

বিজেপি সিবিআই তদন্ত চায় সোনিয়ার জামাইয়ের বিরুদ্ধে

সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদ্রার সংস্থার বিরুদ্ধে প্রায় ২৭৫ বিঘা জমি বেআইনিভাবে কেনার অভিযোগ উঠেছে। এই নিয়ে সিবিআইকে তদন্তে নামাতে চায় বিজেপি। কংগ্রেসের আভিযোগ, রাজস্থানে ভোটের আগে এটা একটা ষড়যন্ত্র।

বিকানিরে জমি কেলেঙ্কারির অভিযোগ নিয়ে তদন্তের জন্য সিবিআইকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে  রাজস্থান সরকার। এই জমি কেলেঙ্কারির অভিযোগে নাম জড়িয়েছে সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদ্রার সংস্থারও। যদিও এপ্রসঙ্গে কংগ্রেসের প্রতিক্রিয়া, বিধানসভা নির্বাচনের আগে রাজস্থান সরকার সিবিআইয়ের অপব্যবহার করতে চাইছে। তবে কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার বক্তব্য, অন্তত ১৮টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে চারটি ভদ্রার সংস্থার বিরুদ্ধে। ভদ্রার সংস্থার বিরুদ্ধে প্রায় ২৭৫ বিঘা জমি বেআইনিভাবে কেনার অভিযোগ উঠেছে। বেনামে প্রায় ১ হাজার ৪০০ বিঘা কেনার অভিযোগে মোট ১৮টি এফআইআর দায়ের হয়েছে।

Developed by DXDasia