
দান করবেন বলে ১ বছর ধরে যত্নে বাড়িয়ে তুলেছিলেন নিজের চুল
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাঁরা নিজেদের চুল হারিয়েছেন, তাঁদের সাহায্য করতে এগিয়ে এলেন আরজে লাবণ্য। নিজের দীর্ঘ সুন্দর চুল কেটে তা দান করে দিলেন মুম্বাইয়ের একটি সংস্থায়।
কেমোথেরাপি করলে ক্যান্সার আক্রান্তদের চুল ঝরতে শুরু করে। তখন রিয়েল হেয়ার উইগ দিয়ে মাথা ঢাকা হয়। ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রে মার্কিন দেশে তাঁর চিকিৎসা চলাকালীন তাঁর হেয়ার স্টাইলিস্টকে নিয়ে একটি টুইট করেছিলেন, যা দেখে লাবণ্য দত্ত বা আরজে লাবণ্য রিয়েল হেয়ার উইগের ব্যাপারে জানতে পারেন। ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করা যায়, কলকাতায় এমন কোনো সংস্থা না থাকায় তিনি মুম্বাইয়ের Cope With Cancer নামের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।
তখন লাবণ্যের চুল ছিল ১২ ইঞ্চিরও ছোটো। তাই নিয়মিত চুলের পরিচর্যা শুরু করেন তিনি। এক বছর পর সেই চুল বেড়ে লম্বা হয়ে ওঠে। দিন সাতেক আগে সেই ১৮ ইঞ্চি লম্বা চুল একেবারে গোড়া থেকে কেটে সেগুলি তুলে দেন ওই সংস্থায়। ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য এই সংস্থা উইগ তৈরি করে। তাঁর এই উদ্যোগে সক্রিয় ভূমিকা নিয়েছে রোমিং পার্টনার ভ্লগ। দীর্ঘ সুন্দর চুল অনায়াসে মারণ রোগাক্রান্তদের দান করার যে দুঃসাহসী পদক্ষেপ নিয়েছেন লাবণ্য, তাকে স্বাগত জানিয়েছে নেটিজেন-সহ নাগরিক সমাজ।
ছবিঋণ – রোমিং পার্টনার ভ্লগ
