কেবলমাত্র আর্থিকভাবে দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা রাজ্য সরকারের

সরকারি চাকরি ও শিক্ষায় প্রযোজ্য এই নির্দেশিকা

জাতি-বর্ণ নির্বিশেষে কেবলমাত্র আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্যই সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া লক্ষাধিক মানুষ উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই সংরক্ষণের সুযোগ পাওয়ার মাপকাঠি দ্রুতই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে রাজ্য সরকার। কত মাসিক রোজগার বা কতখানি জমি থাকলে এই সংরক্ষণের সুবিধে মিলবে, স্পষ্ট করে লেখা থাকবে সেখানেই। তবে ইতিমধ্যেই যাঁরা তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য নির্ধারিত সংরক্ষণ তালিকায় রয়েছেন, তারা এই সংরক্ষণের সুযোগ পাবেন না।   

সংরক্ষণ হোক আর্থিকভাবে দুর্বলদের জন্য—এমন দাবি আজকের নয়। সেই দাবি মান্যতা পাওয়ায় খুশি প্রায় সব মহলই। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে শিক্ষা ও চাকরির মূলস্রোত থেকে ছিটকে যেতে বসা মানুষেরা এই সিদ্ধান্তে যে খুবই উপকৃত হবেন, বলাই বাহুল্য। খুব দ্রুতই শুরু হবে আর্থিকভাবে দুর্বল মানুষদের শংসাপত্র দেওয়ার কাজও।

Developed by DXDasia