এভারেস্টের উচ্চতা কি কমেছে? মাপছে নেপাল

প্রাথমিক কাজ শুরু হয়েছে উদয়াপুরে

ছোটবেলা ভূগোল বইয়ে পড়া ৮ হাজার ৮৪৮ মিটারের উচ্চতা থেকে কি খর্ব হয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ? নাকি এভারেস্টের উচ্চতা বেড়েছে? এই সব নানা প্রশ্নের উত্তর খুঁজতে এভারেস্টের উচ্চতা মাপার কাজ শুরু করে দিল নেপাল। ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা ইউনাভকো-র দাবি, নেপালের ভয়াবহ ভূমিকম্পের কারণে এভারেস্টের উচ্চতা এক ইঞ্চি কমে গিয়েছে। একটি ইউরোপিয়ান উপগ্রহের তোলা ছবি থেকেও এই দাবি জোরদার হয়েছে।

ভারত এবং চিনের মতো দেশগুলো এভারেস্টের উচ্চতা মাপার কাজে নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আগেই। কিন্তু অন্য দেশের সাহায্য না নিয়ে নেপাল সরকার এই কাজ নিজেরাই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

নেপালের সার্ভেয়র জেনারেল জানিয়েছেন, একটি বিশেষভাবে প্রশিক্ষিত প্রতিনিধি দল পাঠানো হবে। কম উচ্চতায় ক্যাম্প করে তারা উচ্চতা মাপার প্রাথমিক কাজ করবে। এক্ষেত্রে গাণিতিক পদ্ধতি প্রয়োগ করা হবে। পরবর্তী পর্যায়ে সরঞ্জামের সামগ্রী দিয়ে শেরপাদের পাঠানো হবে শৃঙ্গে। সঙ্গে দেওয়া হবে জিপিএস। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ বিশ্লেষণ করেই এভারেস্টের বর্তমান উচ্চতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Developed by DXDasia