লাল পান্ডাদের সংখ্যা বাড়াতে উদ্যোগ রাজ্য বনদপ্তরের

সিঙ্গালিলা আর নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে শুরু হচ্ছে সংরক্ষণ প্রকল্প

নরম তুলতুলে একটা প্রাণী। গায়ে লালচে-বাদামি রঙের ঘন লোম। মুখটা খানিকটা ভল্লুকের মতো। কিন্তু আকারে ছোটো। ভারি মায়ালীন। গাছের এ ডাল থেকে সে ডালে ঘুরে বেড়াচ্ছে। দার্জিলিঙের চিড়িয়াখানায় গিয়ে এই আদুরে প্রাণীটাকে দেখতে ভিড় জমান পর্যটকরা। অথচ, এই লাল পান্ডাই এখন আইইউসিএন-এর লাল তালিকাভুক্ত। সংখ্যায় দ্রুত কমছে তারা। ভারত তথা পশ্চিমবঙ্গে তো লাল পান্ডার সংখ্যা হাতে গোনা। সেদিকে নজর দিয়েই শুরু হয়েছে লাল পান্ডার সংরক্ষণের উদ্যোগ।

দার্জিলিঙের সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং কালিম্পঙের নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে লাল পান্ডা সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বনদপ্তর। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রকও। ১৩-১৩ মে এই দুই জাতীয় উদ্যানেই সমীক্ষা করা হবে। সমীক্ষায় নজর দেওয়া হবে লাল পান্ডা বসবাসের উপযুক্ত পরিবেশ, খাদ্য, পানীয় জলের উৎসমুখ, নিরাপত্তা ইত্যাদি নিয়েও।

লাল পান্ডা সংরক্ষণের জন্য প্রয়োজন চোরাশিকার ঠেকানো। নজরদারির জন্য সিঙ্গালিলা জাতীয় উদ্যানে দুটি ওয়াচ টাওয়ার তৈরির উদ্যোগও নিচ্ছে বনদপ্তর।   
 

Developed by DXDasia