
পুজোর ফুল-মালা কাজে লাগিয়ে অভিনব রোজগার
তারাপীঠ মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত পুজো দিতে যান। বিশেষ কিছু তিথিতে জনসমাগম আরও বাড়ে। ভক্তদের পুজো দেওয়া ফুল-বেলপাতা এতদিন মন্দির চত্বরেই পড়ে থাকত। তার থেকে দুর্গন্ধ ছড়াতো, সমস্যা হত মানুষের যাতায়াতে। এবার মুশকিল আসান করে সেই ফুল-মালা নিয়ে অন্য কাজে লাগাচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
তারাপীঠ মন্দিরের কাছেই রয়েছে দ্বারকা নদী। কিন্তু সেখানে প্রত্যেক দিন রাশি রাশি ফুল-বেলপাতা ফেললে দূষণের সম্ভাবনা তৈরি হত। তাই মন্দির চত্বর পরিষ্কার রাখতে বিকল্প কোনো উপায় খুঁজছিল মন্দির কর্তৃপক্ষ। অবশেষে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ফুল-মালা পরিষ্কারের দায়িত্ব নেয়। তারা মন্দির থেকে সেগুলো নিয়ে যান মল্লারপুরে। সেখানে ফুল-মালা-বেলপাতা বাছাই করা হয়। তারপর সেগুলো পচিয়ে তৈরি হয় জৈব সার। তাতে একদিকে যেমন মন্দির চত্বর পরিষ্কার থাকছে, অন্যদিকে ওই সার বাজারে বিক্রি করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের রোজগারেরও বন্দোবস্তও হচ্ছে।
