হারলেও রেকর্ড ভোট পেলেন মীরা

৫০ বছরে বিরোধী প্রার্থী হিসেবে সর্বোচ্চ ভোট মীরার

হারলেও রেকর্ড গড়লেন মীরা কুমার। সারা দেশে ৩০ সাংসদ এবং ৮৬ জন বিরোধী বিধায়ক ক্রস ভোটিং করে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন। তবু দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী হিসেবে গত ৫০ বছরে তিনিই সর্বোচ্চ ভোট পেলেন।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর প্রার্থী রামনাথ কোবিন্দের জয়কে ঐতিহাসিক বলে মনে করছে বিজেপি। কিন্তু বিজেপির আশা ছিল ৭০ শতাংশ ভোট পাবে। তা পায়নি। ৬৬ শতাংশের সামান্য বেশি ভোট পেয়েই থামতে হয়েছে এনডিএ প্রার্থীকে। এনডিটিভির খবরে জানা যায়, মোট ১০ লাখ ৬৯ হাজার ৩৫৮ ভোটের মধ্যে মীরা পেয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৩১৪ ভোট। ৫০ বছরের মধ্যে এটি রেকর্ড। ১৯৬৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলগুলোর যৌথভাবে মনোনীত প্রার্থী হিসেবে কোকা সুবা রাও এর কাছাকাছি ভোট পেয়েছিলেন। রাও পরাজিত হয়েছিলেন জাকির হোসেনের কাছে। রাও পেয়েছিলেন ৩ লাখ ৬৩ হাজার ভোট।

লোকসভার সাবেক স্পিকার মীরা কুমার শুরু থেকেই জানতেন জয়ের জন্য সংখ্যার দিক দিয়ে তিনি যথেষ্ট ভোট পাবেন না। তিনি এই নির্বাচনকে দেখেছেন আদর্শের লড়াই হিসেবে। এ কারণে মীরা কুমার আইনপ্রণেতাদের তাঁদের নৈতিকতার জায়গা থেকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর মীরা কুমার সাউথ দিল্লিতে তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি জানান, তাঁর লড়াই চলবে। তিনি নির্বাচিত রাষ্ট্রপতি কোবিন্দকেও অভিনন্দন জানান।

Developed by DXDasia