
শীতের আমেজ উপভোগ করতেই পর্যটকরা পাড়ি দিয়েছেন দার্জিলিঙে
আর মাত্র ১৩ দিন পর বড়োদিন। পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা ইতিমধ্যেই ভরে গিয়েছে দেশ বিদেশের পর্যটকে। শীতের আমেজ উপভোগ করতেই পর্যটকরা পাড়ি দিয়েছেন দার্জিলিঙে। কিছুদিন আগেই শুধুমাত্র টাইগার হিলে পর্যটকের সংখ্যা ছিল দুই হাজারেরও বেশি। পাহাড়ের এই মুহূর্তের অবস্থা বেশ মনোরম। পুজোর ছুটি শেষ হবার পর পাহাড়ে পর্যটন শিল্পে ভাটা পড়েছিল। কিন্তু হেমন্তের মাঝামাঝি থেকেই আবার পাহাড় হাসতে শুরু করে তার সৌন্দর্যে। বড়োদিনের সপ্তাহে ভিড় আরও অনেক বেশি বাড়বে বলে আশা করছেন দার্জিলিঙের ব্যবসায়ীরা।
তবে পাহাড়ে পর্যটক বাড়ার জন্য সোশ্যাল মিডিয়া ইদানীং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক এলাকাতেই ছোটো ছোটো হোম স্টে চালু হয়েছে, মানুষ তার খোঁজ পাচ্ছেন মূলত সোশ্যাল মিডিয়া থেকেই। মুখে মুখে ছড়াচ্ছে সেইসব জায়গার নাম। প্রসঙ্গত উল্লেখ্য, শীতের রেশ পড়ার পর রোজ সর্বোচ্চ ১০০–১৫০টি গাড়ি চকবাজার থেকে টাইগার হিল যাচ্ছে পর্যটক নিয়ে। এই সপ্তাহের সোমবার থেকে যার সংখ্যা বাড়ছে ধীরে ধীরে।
