
গোটা রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে রসগোল্লা দিবস
কোথাও বা পথচারীদের খাওয়ানো হচ্ছে রসগোল্লা, কোথাও বা মিষ্টির দোকানে ক্রেতারা রসগোল্লা পাচ্ছেন বিনামূল্যে। কোথাও গরিব মানুষের মুখে রসগোল্লা তুলে দেওয়া হচ্ছে। এভাবেই সারা বাংলায় আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে রসগোল্লা দিবস।
রসগোল্লা কার? এই নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। শেষ পর্যন্ত ২০১৭ সালের ১৪ নভেম্বর ওড়িশাকে পর্যুদস্ত করে বাংলা ছিনিয়ে নেয় জিআই স্বীকৃতি। সেই তারিখটিকে প্রত্যেক বছর রসগোল্লা দিবস পালন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই মতো কলকাতা শহর এবং জেলায় জেলায় আজ রসগোল্লা নিয়ে উৎসবে মেতেছে নামি-অনামি সব মিষ্টির দোকান।
পশ্চিমবঙ্গে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি আজ বাগবাজারের গৌরীমাতা উদ্যানে রসগোল্লা দিবস পালন করছে। দরিদ্র মানুষরা, যাঁদের রসগোল্লা কেনার সামর্থ্য নেই, তাঁদের রসগোল্লা খাওয়ানো হচ্ছে সেখানে। ধর্মতলায় কেসি দাশের দোকানেও চলছে উৎসব। জেলার মিষ্টির দোকানগুলোও পিছিয়ে নেই। বোলপুরে সর্বমঙ্গলা সুইটসে মিষ্টি কিনলে বিনামূল্যে রসগোল্লা পাওয়া যাচ্ছে। কোলাঘাট মিষ্টান্ন ব্যবসায়ীদের তরফ থেকে পথচারীদের মুখে তুলে দেওয়া হচ্ছে রসগোল্লা।
আজ শিশু দিবসও বটে। কচিকাঁচাদের আজ উৎসবে মাতার দিন। এরই মধ্যে পাতে রসগোল্লা পড়লে আর তো কথাই নেই!
