একঝাঁক হলুদ ব্যাং নজর কাড়ল বনগাঁয়

চোরাশিকার রুখতে নজরদারি চালালেন স্থানীয়রা

বনগাঁর জয়পুর এলাকায় কৃষ্ণদাস পালিতদের পুকুরে একঝাঁক বিরল প্রজাতির ব্যাং নিয়ে চাঞ্চল্য ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গন্ধ পেয়ে এসে পড়ে চোরাশিকারির দলও। তবে স্থানীয় মানুষদের নজরদারিতে সুবিধে করতে পারেনি তারা।

শনিবার বৃষ্টির সময়ে বনগাঁ পুরসভার দু’নম্বর ওয়ার্ডের এই পুকুরে একঝাঁক হলুদ ব্যাঙের দেখা মেলে। দেখতে এবং ছবি তুলতে দলে দলে এলাকার মানুষ হাজির হন সেখানে। জানা গেছে, বিরল প্রজাতির এই ব্যাঙের নাম ইন্ডিয়ান বুলফ্রগ। কোনো এক সময়ে এই ব্যাং থাইল্যান্ডে রপ্তানি করা হত। তবে এদের সংখ্যা ক্রমশ কমতে থাকায় সরকারের তরফ থেকে এই প্রজাতির ব্যাং ধরা নিষিদ্ধ করা হয়। আগের বছরগুলোতেও কৃষ্ণদাস পালিতদের পুকুরে হলুদ ব্যাং দেখা গেছিল। তবে এবারে সংখ্যাটা খানিক কম। গত কয়েক বছরে চোরাশিকারির দল হানা দিয়ে বেশ কিছু ব্যাং ধরে নিয়ে গেছিল। তবে এবার তাদের চোখে চোখে রাখছেন এলাকার বাসিন্দারা। 

Developed by DXDasia