
নিখরচায় ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে মিলল সাফল্য
ব্যাঙ্গালুরুর তিনটে নামী হাসপাতাল সহ মোট আট-দশটি হাসপাতালের কোথাও মেলেনি সঠিক চিকিৎসা। এদিকে খরচ হয়ে গিয়েছিল ৬০ হাজার টাকারও বেশি। শেষ পর্যন্ত কলকাতার মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে চোখের সমস্যাটি মিটল। তাও একেবারে নিখরচায়।
দ্বাদশ শ্রেণির পড়ুয়া সংগীতা ঘোষ থাকেন মুর্শিদাবাদের রেজিনগরে। একটি বড়ো মাংসপিণ্ডে ঢাকা পড়েছিল তাঁর বা চোখ। মস্তিষ্কের সঙ্গে সেই টিউমারের যোগ থাকার সম্ভাবনা ছিল। এর ফলে চিকিৎসকরা মনে করছিলেন যে অস্ত্রোপচার করলে রক্তপাত ঘটতে পারে। সেই আশঙ্কাতেই পিছিয়ে যায় বহু হাসপাতাল। এদিকে টাকা খরচ হচ্ছিল জলের মতো। অর্থের জোগাড় করতে বিক্রি করতে হয় গৃহপালিত গরু। মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের চিকিৎসকরা রেডিও ফ্রিকোয়েন্সি ছুরি ব্যবহার করে এই সূক্ষ্ম অস্ত্রোপচারটি সমাধা করেন। অস্ত্রোপচার সফল হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সংগীতা ও তাঁর পরিবার। ডাক্তাররাও খুশি। এই সপ্তাহেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে সংগীতাকে।
