
সাইবার হানায় আক্রান্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, বাদ পড়ল না উত্তরবঙ্গও
বিশ্বজুড়ে বিভিন্ন দেশ হ্যাকারদের রানসামওয়ারের জেরে তটস্থ। এ রাজ্যেও বিভিন্ন সরকারি অফিস সহ বেসরকারি কার্যালয়ের কম্পিউটারও পড়েছে হ্যাকারদের কবলে। সাইবার হানা ঠেকাতে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক ডাকতে হয়। ইতিমধ্যেই কীর্ণাহার, নলহাটি, ময়ূরেশ্বর, রাজনগর, আহমেদপুরের সরকারি অফিস, পশ্চিম মেদিনীপুরের বেলদা ও নারায়ণগড়ের রাজ্যসরকারের বিদ্যুৎ বন্টন কোম্পানির কার্যালয়ের কম্পিউটার সাইবার হানার শিকার। এবার এর প্রভাব আছড়ে পড়ল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গেও। সোমবারই শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকার এক স্টুডিও মালিক শিলিগুড়ি সাইবার ক্রাইমে তাঁর কম্পিউটারে হ্যাক করা নিয়ে অভিযোগ করেন। তার জের কাটতে না কাটতেই মঙ্গলবার ডুয়ার্সের তিনটি থানা এলাকায় বিদ্যুৎ দফতরে র্যা নসামওয়ারের অভিযোগ ওঠে। এতে বিভিন্ন মহলে আতঙ্কের সৃষ্টি হয়।
শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকায় স্টুডিও অসীম মজুমদারের। তিনি এখন আতঙ্কে। অসীমবাবুর স্টুডিয়োয় বিভিন্ন লোকজন ছবি তোলেন। কিন্তু গত শুক্রবার তাঁর কাছে সেই র্যা নসামওয়ারের বার্তা আসে। লক্ষ্য করেন, তার কম্পিউটারের বিভিন্ন ফাইল এনক্রিপ্ট হয়ে গিয়েছে। সেই সব ফাইল খুলতে গেলেই টাকা চাওয়া হচ্ছে তাঁর কাছে। ভাইরাসটির নাম ওয়ান্নাক্রাই। সোমবার পুরো ঘটনা জানিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এজাহার করেছেন অসীমবাবু। শুরু হয়েছে পুলিশি তদন্ত।
অপরদিকে ডুয়ার্সের ধুপগুড়ি, নাগরাকাটা ও বানারহাতের রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির অফিসে সাইবার অ্যাটাকের ঘটনা ঘটে। সে নিয়েও পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
