অপরাধী তকমা নয় কাশ্মিরী কিশোরদের- রাজনাথ

‘দোষী সাব্যস্ত হলে তাদের জেলখানায় না পাঠিয়ে জুভেনাইল হোমে রাখার বন্দোবস্ত করা উচিত’

১৮ বছরের কম বয়সী কারোর গায়ে অপরাধীর তকমা সেঁটে দেওয়া চলবে না বলে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। চার দিনের জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখতে সোমবার সকালে শ্রীনগরে জরুরি বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে বলেন, ‘১৮ বছরের কম বয়সী কারোর সঙ্গে অপরাধী সুলভ আচরণ করা চলবে না। বরং জুভেনাইল আইনে তদন্ত চালাতে হবে। যত রকমের তদন্তের প্রয়োজন চলুক। কিন্তু বয়সটা মাথায় রাখতে হবে। দোষী সাব্যস্ত হলে তাদের জেলখানায় না পাঠিয়ে জুভেনাইল হোমে রাখার বন্দোবস্ত করা উচিত।’ গত বছর জুলাই মাসে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে বিক্ষোভে তেতে উঠেছিল সমগ্র কাশ্মীর। কিছুটা হলেও পরিস্থিতি শুধরেছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, উপত্যকায় শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারে মূল লক্ষ্য। 

স্বাধীনতা দিবসের বক্তৃতায় কাশ্মীরবাসীর সমানাধিকারের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা টেনে আনেন রাজনাথ সিং। অভব্য আচরণ নয়, স্নেহের সঙ্গে কাশ্মীরবাসীকে কাছে টেনে নেওয়ার পরামর্শ দেন। ভূস্বর্গে সারাবছরই ভ্রমণ পিপাসুদের ভিড় থাকে। ঘুরে বেড়ানোর পাশাপাশি তাঁদের সেখানে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সরকার বেশ কিছু প্রকল্প গ্রহণ করতে চলেছে বলে জানিয়েছেন রাজনাথ।
 
 

Developed by DXDasia