
ইতিমধ্যেই নোংরা জল পরিস্রুত করে ব্যবহার করার কাজ শুরু করে দিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি
দার্জিলিং-এ জল সমস্যা সমাধানের জন্য রেনওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের খরচ বহন করবে গ্লোবাল ক্লাইমেট ফেসিলিটি ফাইন্ডিং। টেন্ডার গ্রহণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।
রিজার্ভার বা ট্যাঙ্কে বৃষ্টির জল সঞ্চয় করাই সাধারণত রেনওয়াটার হার্ভেস্টিং নামে পরিচিত। অভাবের সময় সেই জল কাজে লাগানো যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে। দার্জিলিং-এ ২৪ কোটি টাকা নির্ধারিত করা হয়েছে এই প্রকল্পের জন্য। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ আয়োজিত সাস্টেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর একটি আলোচনা সভায় পরিবেশ দপ্তরের মুখ্য সচিব অর্ণব রায় এই কথা জানান।
এই প্রকল্পের পাশাপাশি নোংরা জল রিসাইকেলের আর্জিও দার্জিলিং পুরসভাকে জানিয়েছে রাজ্যের নগর উন্নয়ন দপ্তর ও পরিবেশ দপ্তর। ইতিমধ্যেই নোংরা জল পরিস্রুত করে ব্যবহার করার কাজ শুরু করে দিয়েছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। এবার দার্জিলিংও সেই পথ অনুসরণ করলে, জল সমস্যার কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা।
