সুখবর! শীতে দিঘা বেড়াতে গেলে বিশেষ ছাড় দিচ্ছে রেল

কয়েকটি নির্দিষ্ট ট্রেনেই মিলবে এই সুবিধা

শীত পড়লেই বাঙালির মনটা উড়ু উড়ু হয়ে ওঠে। কাছেপিঠে কোথাও পিকনিক, আর লম্বা ছুটিতে দূরে কোথাও কাটিয়ে আসতে চান অনেকেই। ঠান্ডার মরসুমে সমুদ্র-সৈকতে বেড়ানোর পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরই মধ্যে দিঘাগামী ট্রেনে ডিসকাউন্ট ফেয়ার স্কিম চালুর কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল।

এবছরের ৮ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কয়েকটি নির্দিষ্ট ট্রেনে মিলবে এই বিশেষ সুবিধা। ছাড় দেওয়া হবে হাওড়া-দিঘা সুপার এসি এক্সপ্রেস, দিঘা-হাওড়া সুপার এসি এক্সপ্রেস এবং হাওড়াগামী কাণ্ডারী এক্সপ্রেসের ভাড়ায়। এই ৩টি ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসে বেস ফেয়ারের ওপর ২০ শতাংশ ও এসি চেয়ার কারে বেস ফেয়ারের ওপর ১৫ শতাংশ ডিসকাউন্ট থাকবে। তবে, এই ৪ মাসে শুক্র, শনি ও রবিবার কিছু কিছু দিন এই পরিষেবা বদল হতে পারে। তখন নাও মিলতে পারে ছাড়। এছাড়া, আপ ট্রেনের চাহিদা যেহেতু খুব বেশি, তাই আপ কাণ্ডারী এক্সপ্রেস এই ডিসকাউন্ট স্কিমের আওতায় থাকবে না।

দিঘা যেতে বেশিরভাগ লোকই সড়কপথ বেছে নেন। দক্ষিণ-পূর্ব রেল চায়, এবার রেলপথও পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠুক। সেই কারণেই, শীতকালে দিঘাগামী ট্রেনগুলোতে বিশেষ সুবিধার বন্দোবস্ত করেছেন রেলকর্তারা। 

Developed by DXDasia