
নিজের লেখা বইয়ে ক্ষোভ উগরে দিলেন রঘুরাম রাজন
‘আই ডু হোয়াট আই ডু’ – নিজের এই বইয়ের প্রচারে ভারতে এসেছেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। বর্তমানে শিকাগো বুথ স্কুল অব বিজসেসের ফিনান্সের শিক্ষক তিনি। দেশে এসেই, তাঁর বক্তব্য – ‘‘সরকারের প্রস্তাবে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর সব সময় ‘হ্যাঁ’ মেলাতে পারেন না। মতের ফারাক হলে, স্পষ্ট ভাবে ‘না’ বলাটাও জরুরি। তার সুযোগ রিজার্ভ ব্যাঙ্ক আইনে আছে।’’
এই কথার প্রতিধ্বনি বইয়ের পাতাতেও। ‘রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর সরকারের চিয়ারলিডার হতে পারেন না।’ তাহলে কি সরকারের সঙ্গে মতের মিল না-হওয়ার জন্যেই কি সরে গিয়েছিলেন রঘুরাম? অনেকের মনে উঠছে এই প্রশ্ন। রাজন এও জানিয়েছেন তাঁর বইয়ে, ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি গভর্নর থাকাকালীন নোট বাতিল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি রিজার্ভ ব্যাঙ্কে।
এ-প্রসঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন – ‘‘রাজন সরকারকে বলেছিলেন নোট বাতিলে লাভ হবে না। বড় লোকসান হবে। কিন্তু প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ বলতে পছন্দ করেন, শুনতে নয়।’’ আর, প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা কৌশিক বসুর কথায়, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে রাজনের বিদায় দেশের বড় ক্ষতিগুলোর মধ্যে একটা।
