
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান রেডিও কোয়ারেন্টিন কলকাতায়
এবছর পারিপার্শ্বিক সমস্ত অনুষ্ঠানই আয়োজন করা হচ্ছে ভার্চুয়ালভাবে। আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে এই দিন ‘রেডিও কোয়ারেন্টিন কলকাতা’ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উঠে আসবে অজানা সব ইতিহাস৷ করোনাকালে বিশ্বের সর্বত্র বাংলা ভাষার মানুষদের গৃহবন্দি জীবনের একমাত্র বন্ধু হয়ে উঠেছে এই রেডিও কোয়ারেন্টিন কলকাতা। গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে তাদের পথ চলা। এই রেডিও স্টেশন পৌঁছে গেছে বিশ্বের ৫৪টি দেশে।
রবীন্দ্রজয়ন্তী, নজরুল-স্মরণ, হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষ, নবারুণ ভট্টাচার্য ও দেবেশ রায় স্মরণ এরকম নানান বিশেষ অনুষ্ঠানের মতোই স্বাধীনতা দিবসেও থাকছে সারাদিনব্যাপী অনুষ্ঠান।
এক দিকে ঔপনিবেশিক শাসনের অবসান, আরেক দিকে দেশভাগ — বাঙালির স্বাধীনতা দিবসের এই দ্বিবিধ তাৎপর্য মাথায় রেখে সাজানো হয়েছে ১৫ অগাস্টের মূল অনুষ্ঠান। স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত ইতিহাস নিয়ে বলবেন শিমুল সেন ও সৌম্য বসু। স্বাধীনতার লড়াইয়ে বিশ্বাসঘাতকতার কাহিনি শোনাবেন স্বাতী মৈত্র। পাশাপাশি দেশভাগের নানা অজানা আখ্যান নিয়ে উপস্থিত থাকবেন দুই বাংলার লেখক মিহির সেনগুপ্ত, হাসান ইমাম, সুনন্দা শিকদার, হাসান অজিজুল হক, অধীর বিশ্বাস, আশিস লাহিড়ী ও যতীন সরকার। বাংলার উদ্বাস্তুদের কাহিনি, তাঁদের প্রতি রাষ্ট্রের ব্যবহার ইত্যাদি নিয়ে বলবেন দেবর্ষি চক্রবর্তী ও উদিতি সেন।
এদিন সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন। তাঁকে নিয়েও থাকছে বিশেষ নিবেদন। আগামীকাল রেডিও কোয়ারেন্টিন কলকাতা, সারাদিন, আপনার বাড়িতে।
