
টিভি নেই, রয়েছে তিনটি রেডিও। বোকা বাক্স-কে অস্বীকার করেই নজির শিলিগুড়ির বৃদ্ধ দম্পতির
বাঙালির রেডিও শোনার চল এখন মহালয়ার সকালেই আটকে গেছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনার জন্য আজও বাঙালি বছরে একবার রেডিও-র ব্যাটারি পালটায়। কিন্তু বাকি সময়ে বসার ঘর দখল ক’রে থাকে টিভি। সিরিয়ালের সংসার।
কিন্তু সময়ের এই প্রবণতাকে অস্বীকার ক’রেই ওঁরাও রয়েছেন আমাদেরই মাঝে। শিলিগুড়ির সেবক রোডের প্রৌঢ় দম্পতি তপনকুমার এবং স্মৃতিকণা মুখার্জি।
গ্রিন ভিস্তা আবাসনে তাদের ফ্ল্যাটটি ‘রেডিও ফ্ল্যাট’ নামেই পরিচিত। ‘বোকা বাক্স’ কেনার সামর্থ্য নেই, এমনটা নয়। স্মৃতিকণা দেবীর সাফ কথা, টিভি-তে এখন কেবল বস্তাপচা সিরিয়াল। তার থেকে রেডিওর বিভিন্ন অনুষ্ঠান ইতিবাচক ভাবনা তৈরি করতে সাহায্য করে। তাই তাঁদের ফ্ল্যাটে তিন- তিনটি রেডিও। কোনও টিভি নেই। রেডিও তাঁদের সময় কাটানোর বড় সম্বল। একমাত্র প্রমোদ মাধ্যম।
দৃশ্য-শ্রাব্য মাধ্যমকে অস্বীকার করার যুক্তি যাই হোক না কেন এই দম্পতির যাপনচিত্র প্রতিবেশীদের মধ্যে তাঁদের স্বতন্ত্র পরিচিতি সৃষ্টি ক’রেছে।
