আন্তর্জাতিক মানের মিউজিয়াম হতে চলেছে মংপুর রবীন্দ্র ভবন

‘ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার অন টেগোর’ গড়ে উঠবে এখানে

মংপুতে সিঙ্কোনা কর্তৃপক্ষের মালিকানাধীন ভবনে বহুবার এসে থেকেছেন রবীন্দ্রনাথ। সেই স্মৃতির অনেকখানি বোনা মৈত্রেয়ী দেবীর ‘মংপুতে রবীন্দ্রনাথ’ বইতে। রবীন্দ্রনাথের স্মৃতি-বিজড়িত এই রবীন্দ্র ভবনে আন্তর্জাতিক মানের মিউজিয়াম তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। মিউজিয়াম গড়ে তোলার জন্য বরাত দেওয়া হয়েছে মিউজিয়াম তৈরিতে দক্ষ সংস্থাকে।

মংপুতে পাহাড়ের একমাত্র বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণাও হয়েছে কদিন আগে। বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হলে রবীন্দ্র ভবন ঘিরেও ভিড় বাড়বে, আশা করছে পর্যটন দপ্তর। চেষ্টা চলছে এই রবীন্দ্র ভবনকে ‘ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার অন টেগোর’ হিসেবে গড়ে তোলার। বর্তমানে অবশ্য এই ভবনে রবীন্দ্রনাথের ব্যবহৃত কিছু আসবাব ছাড়া আর বিশেষ কিছুই নেই। পর্যটকদের জন্য প্রায় কোনো সুবিধেই নেই এই ভবনে। আন্তর্জাতিক মানের মিউজিয়াম গড়ে উঠলে এইসব অভাবই দূর হবে বলেই অভিমত রাজ্য সরকারের।

Developed by DXDasia