
আচার্য জগদীশচন্দ্র বসু রোডের ওপরে তৈরি হচ্ছে নতুন ফুটব্রিজ
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাচীনতম ডেন্টাল কলেজ ‘ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল’-এর শতবর্ষ আগামী বছরে। তার আগেই রাজ্যসরকারের পক্ষ থেকে বিরাট ‘উপহার’-এর ঘোষণা। শিয়ালদায় অবস্থিত এই সরকারি কলেজের নতুন ও পুরোনো আবাসনের মাঝ বরাবর চলে গেছে আচার্য জগদীশচন্দ্র রোড। সারাদিন ধরেই এই রাস্তায় গাড়ির ভিড় যথেষ্ট। অথচ, চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিজনদের বারবার পারাপার করতে হয় কলকাতার অন্যতম ব্যস্ত এই রাস্তা। কখনো কখনো প্রায় প্রাণের ঝুঁকি নিয়েই চলে পারাপার। কাছাকাছি কোনো ফুটব্রিজ বা ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার ছাড়া উপায়ও থাকে না।
এই ঐতিহ্যশালী কলেজের দুটি বিল্ডিং-কে জোড়ার জন্য বেশ কিছুদিন ধরেই ফুটব্রিজ তৈরির আবেদন জানিয়ে আসছে কলেজ কর্তৃপক্ষ। এতদিনে, সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, আচার্য জগদীশচন্দ্র রোডের ওপর দিয়ে ৫১ মিটার দীর্ঘ একটি ফুটব্রিজ জুড়বে কলেজের নতুন ও পুরোনো বিল্ডিং-কে। সেতু তৈরির কাজ শুরু হবে পরের বছরেই। কাজ শেষ হতে সময় লাগবে ৬ মাস থেকে এক বছর। খরচ হবে আনুমানিক ৭ কোটি টাকা। ব্রিজের নকশা তৈরি করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা। সেতু তৈরির কাজ করবে পূর্ত দপ্তর।
কলকাতা শহরের দীর্ঘতম ফুটব্রিজ হতে চলেছে এটিই। প্রাথমিকভাবে, ডঃ আর আহমেদ ডেন্টাল কলেজের রোগী, চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের স্বার্থেই ব্যবহার করা হবে এই ফুটব্রিজ। তবে, সাধারণ পথচারীদের জন্যও এই ফুটব্রিজ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে না বলেই জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের শতবর্ষ পরের বছর। তার আগেই যে শতবর্ষের শ্রেষ্ঠ উপহারটি পেয়ে গেল কিংবদন্তি চিকিৎসক রফিউদ্দিন আহমেদের নামাঙ্কিত এই কলেজ, বলাই বাহুল্য।
