সায়নী ঘোষের উদ্যোগে রাজ্যজুড়ে ‘ক্যুইক রেসপন্স টিম’

দুর্যোগে সাধারণ মানুষকে আরও বেশি করে পরিষেবা দেওয়ার জন্য তৎপর শাসকদলের যুব সংগঠন

একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। তাই সাধারণ মানুষকে আরও বেশি করে পরিষেবা দেওয়ার জন্য তৎপর শাসকদলের যুব সংগঠন। তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি সায়নী ঘোষের পরিকল্পনায় শুরু হচ্ছে ‘ক্যুইক রেসপন্স টিম’। শুধুমাত্র তাই নয়। গোটা দেশের রাজনৈতিক দলগুলির বিচারে এ জাতীয় পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিই পথপ্রদর্শক। তাই রাজ্যের সব জেলাতেই সংগঠনের কর্মীদের নিয়ে ওই বিশেষ টিম তৈরি করা হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, যুব সংগঠনের এই বিশেষ টিমের কাছে থাকবে ঝড়, জল, বন্যায় কাজ করার প্রশিক্ষণ। দুর্যোগে ত্রাণ বা বিপদগ্রস্ত মানুষকে কীভাবে উদ্ধার করা সম্ভব — সবসময় প্রস্তুত থাকবে টিম। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এবং হুগলির আরামবাগে কাজ শুরু হয়ে গিয়েছে প্রাথমিকভাবে।এ প্রসঙ্গে সায়নী ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন, মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই রাজ্যজুড়ে একাধিক দুর্যোগ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন যুব কর্মীরা। আপৎকালে মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের সব এলাকায় ওই বিশেষ টিমকে ব্যবহারের বিষয়ে সাংগঠনিকস্তরে আলোচনা চলছে। এই পরিকল্পনাকে আরও উৎসাহিত করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যজুড়ে ইয়াসে মৃতদের পরিবারের পাশে থাকতে বাড়ি বাড়ি ছুটে গিয়েছিলেন তিনি। তখনই মানুষের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের পাশাপাশি দলের যুবস্তরের ভূমিকাকেও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা গতি পায়। আশা করা যাচ্ছে, সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে সায়নীর উদ্যোগে ক্যুইক রেসপন্স টিম কার্যকরী ভূমিকা নেবে।

Developed by DXDasia