আগামী বছর থেকে প্রশ্নপত্রেই উত্তর লিখতে হবে উচ্চমাধ্যমিকে

প্রশ্নপত্র ফাঁস রুখতে অভিনব উদ্যোগ

উচ্চমাধ্যমিক পরীক্ষায় আরও স্বচ্ছতা আনতে আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দেওয়ার পদ্ধতি আমূল বদলে যাবে। সোমবার উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণার পর এরকমই জানিয়েছেন উচ্চশিক্ষা পর্ষদের সভানেত্রী মহুয়া দাস। নতুন পদ্ধতিতে পরীক্ষার্থীদের বিশেষ কোনো অসুবিধে হবে না বলেই মনে করছেন তিনি। 

এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যথেষ্ট বিড়ম্বনা তৈরি হয়েছিল। তার থেকে শিক্ষা নিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছিল। তা সত্ত্বেও প্রশ্ন ফাঁসের অভিযোগ পিছু ছাড়েনি। পরের বছর থেকে কোনোভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়, তার জন্য নয়া পদ্ধতি চালু করা হবে। এবার থেকে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লেখার জায়গা থাকবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিমধ্যেই প্রশ্নপত্রে উত্তর লেখার ব্যবস্থা থাকে। তবে সব প্রশ্নই সেখানে থাকে মাল্টিপল চয়েজ ভিত্তিক। এখন মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশ্লেষণধর্মী প্রশ্ন কমিয়ে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের দিকে জোর দেওয়া হয়। তাই প্রশ্নপত্রে উত্তর লিখতে পরীক্ষার্থীদের খুব বেশি সমস্যা হবে না বলেই শিক্ষামহল মনে করছে। 
 

Developed by DXDasia