ফোর্ট রায়চকে হবে কোয়ারান্টাইন সেন্টার, সরকারের হাতে রিসর্ট তুলে দিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া

মোট ৩০টি স্যুট আছে এই রিসর্টে

দেশে করোনার ভয়াবহতা বাড়ছে। এরই মধ্যে সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলিব্রিটি থেকে শিল্পপতি অনেকেই। দিন কয়েক আগে বিলাসবহুল হলিডে হোমকে কোয়ারান্টিন ফেসিলিটিতে বদলে দেওয়ার ঘোষণা করেছিলেন মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার হর্ষ নেওটিয়া। কলকাতার নিকটবর্তী বিলাসবহুল রিসর্ট ‘ফোর্ট রায়চক’ বা ‘দ্য রায়চক রিসর্ট’ রাজ্য সরকারের হাতে তুলে দিলেন এই শিল্পপতি। 

হর্ষ নেওটিয়া চান, এই রিসর্টে কোয়ারান্টিন সেন্টার গড়ে উঠুক। ইতিমধ্যেই পাকাপাকিভাবে দক্ষিণ ২৪ পরগণার এসডিও-র হাতে বিলাসবহুল রিসোর্টটি তুলে দিয়েছেন। শীঘ্রই রাজ্য সরকার সেখানে কাজ শুরু করবে। মোট ৩০টি স্যুট আছে রিসর্টে। মিডিয়াকে এই শিল্পপতি জানিয়েছেন, করোনা যেভাবে ভয়ংকর আকার নিয়েছে, স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য দরকারি পরিকাঠামো গড়ে তোলা খুবই জরুরি। তাঁরা চান সরকারকে যতটা সম্ভব সাহায্য করতে। 

করোনার বিরুদ্ধে জোরদার লড়াই চালাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। শিল্পপতিদের এই উদ্যোগ তাদের আরও শক্তিশালী করবে, সন্দেহ নেই। 

Developed by DXDasia