
তীব্র গরমে পুরুলিয়ার মালডি গ্রামে নজিরবিহীন উদ্যোগ
প্রথম মহিলাদের ছৌ দল তৈরি করে খবরের শিরোনামে এসেছিল পুরুলিয়ার মালডি গ্রাম। সেই ছৌ নাচের দলই অবসর সময়ে গাছে গাছে মাটির পাত্র ঝুলিয়ে দিচ্ছেন। আর সেই পাত্রগুলোতে পাখিদের জন্য জল ভরে দিচ্ছে একঝাঁক স্কুল পড়ুয়া।
তীব্র গরমের দাবদাহে সর্বত্রই ত্রাহি ত্রাহি অবস্থা। এখনও সেই অর্থে বর্ষার দেখা মেলেনি পশ্চিমবঙ্গে। এরই মধ্যে পুরুলিয়ার এই গ্রামে মৌসুমি চৌধুরী, সড়লা মুড়া, শ্যামলী চৌধুরীর মতো ছৌ শিল্পী এবং রাজীব মুড়া সুমন মাহাতো, কণিকা মাহাতোর মতো স্কুল পড়ুয়ারা যেভাবে অভিনব উপায়ে পাখিদের জল খাওয়ানোর ব্যবস্থা করেছে, তা নজর কেড়েছে সবার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই কাজ শুরু হয়েছে।
গাছের এমন সব জায়গাতেই কাপড়ের টুকরো দিয়ে মাটির সরা ঝোলানো হয়েছে, যেখানে রোদ পড়ার কোনো সম্ভাবনা নেই। পাত্রগুলি শুকিয়ে গেলে আবার ভরিয়ে দেওয়া হচ্ছে ঠান্ডা জলে। প্রথম দিকে জলের পাত্রগুলোর কাছে যেতে ভয় পেত পাখিরা। ইতস্তত করত। এখন ভিড় করে থাকে পাখিরা জলভরা পাত্রের চারদিকে।
