জার্মানির সবচেয়ে বড়ো উৎসবে আমন্ত্রণ পেল পুরুলিয়ার ছৌ

ছৌ ছাড়া বাংলার তিন হস্তশিল্পীও এই উৎসবে যোগ দিলেন

পুরুলিয়া তথা গোটা বাংলার ঐতিহ্য ছৌ শিল্প। এবার সেই ছৌ পাড়ি দিল সুদূর পশ্চিমের দেশ জার্মানিতে। জার্মানির কার্লসরুহ শহরের বৃহত্তম উৎসব সামার ডে ফেস্টিভ্যালে যোগ দিলেন পুরুলিয়ার পাঁচজন শিল্পী। এর আগেও বিদেশের বহু জায়গায় ছৌ পরিবেশন করেছে। তবে জার্মানির বৃহত্তম উৎসবে সামিল হতে পেরে খুশি পুরুলিয়াবাসী। ছৌ ছাড়াও বাংলার তিন হস্তশিল্পীও এই উৎসবে যোগ দিলেন।

পুরুলিয়া বলরামপুরের মালডির মিতালি ছৌ দল এবং পাঁড়দ্দা বীরেন কালিন্দী ছৌ নৃত্য পার্টি- এই দুটি দলই জার্মানিতে পৌঁছে গিয়েছিলেন। ‘মহিষাসুরমর্দিনী পালা’ এবং ‘বালিবধ পালা’ পরিবেশন করলেন তাঁরা। পশ্চিম মেদিনীপুরের এক মাদুরশিল্পী ও এক পটচিত্র এবং বীরভূমের একজন কাঁথা স্টিচ শিল্পীও অংশগ্রহণ করেছিলেন। গত ১৩ ও ১৪ জুলাই অনুষ্ঠিত হল এই সামার ডে ফেস্টিভ্যাল। অতীতের ছৌ শিল্প আর বর্তমান ছৌ শিল্পের মধ্যে পার্থক্য অনেকটাই বেড়েছে। তাঁদের করুণ অভাবের দিন এখন আর নেই। রাজ্য সরকারের লোকপ্রসার প্রকল্পের হাত ধরে শিল্পীদের ঘরে এসেছে সুদিন। মিলছে সরকারি ভাতা। সারাবছর ধরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন তাঁরা। ফলে বাংলার নিজস্ব সংস্কৃতি পৌঁছে যাচ্ছে সমগ্র বিশ্বে।

Developed by DXDasia