এবার প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে বাধ্যতামূলক হল ১০ হাজার চারাগাছের জন্ম

জল সংকট রুখতে গ্রামে গ্রামে নার্সারি তৈরি করবে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন

ভূগর্ভস্থ জলকে আরও বেশি করে সংরক্ষণ করতে নজিরবিহীন পরিকল্পনা নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ১০০ দিনের প্রকল্পে গ্রামে গ্রামে নার্সারি গড়ে তোলা হবে। স্কুলের মিড ডে মিলে যে সব গাছের সবজি বা ফল কাজে লাগে, সেগুলি রোপণের জন্য দেওয়া হবে বিশেষ জোর।

এক বছরে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ১০ হাজারটি চারাগাছ তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এইভাবে গোটা জেলায় বছরে ৪৪ লক্ষ ৫০ হাজার চারা তৈরি করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। উদ্যানপালন দপ্তর থেকে লেবু, মুসুম্বি, পেয়ারার চারা দেওয়া হবে। এবারের বর্ষায় সেগুলো রোপণ করা হবে  ১০০ দিনের কাজে।

ঠিক হয়েছে, বনসৃজনের এই প্রকল্পে ব্যবহার করতে হবে জৈব সার। ওই সার ১০০ দিনের প্রকল্পে তৈরি ভার্মি কম্পোস্ট ইউনিট থেকেই নিতে হবে। অন্য কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। 

Developed by DXDasia