
অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলাকে পিছনে ফেলে শিরোপা পূর্ব বর্ধমানের
পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে পূর্ব বর্ধমানকে বেশ নবীনই বলা চলে। বয়স যতই কম হোক, কাজের দিক থেকে সেটি কিন্তু ছাড়িয়ে গেছে রাজ্যের অন্যান্য জেলাগুলোকে। এমনকি শুধু রাজ্য নয়, সারা ভারতের সব কটি জেলার মধ্যে প্রতিযোগিতায় ১০০ দিনের কাজে সেরা হয়ে দেখিয়েছে পূর্ব বর্ধমান।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের থেকে জানা গেছে, এই জেলা মোট ২ কোটি ৪৩ লক্ষ ৪৭ হাজার ৬০টি শ্রমদিবস তৈরি করেছে। সব মিলিয়ে ৩ লক্ষ ৯৭ হাজার ৪৮৮টি পরিবারকে চাকরি দিয়েছে। এইবারই প্রথম নয়, বছরখানেক আগেও ১০০ দিনের কাজে সমস্ত দেশের শীর্ষে ছিল এই জেলা। তবে পঞ্চায়েত ভোট, বর্ষা, দুর্গাপুজো পরপর চলে আসায় এপ্রিল মাস থেকে কাজের গতি কমে আসতে থাকে। তখন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলা দেশের শীর্ষ স্থানে উঠে আসে। সাময়িকভাবে পিছিয়ে যাওয়াতে ভেঙে পড়েননি পূর্ব বর্ধমানের জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত উঁচু থেকে নিচু তলার কর্মীরা। বরং তাঁরা নতুন উদ্যমে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের উদ্যোগে এই নিয়ে বিভিন্ন ব্লক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের বৈঠক হয়। সেই বৈঠকে ১০০ দিনের কাজের পরিসর বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। গাছ লাগানো, কেঁচো সার তৈরির মতো কাজকেও ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত করা হয়। কাজ চলেছে পুজোর ছুটির সময়েও। জোরকদমে কাজ করে আবার সারা ভারতের সেরার শিরোপা অর্জন করেন তাঁরা। এরকম সফল পরিকল্পনার জন্য জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবকে কৃতিত্ব দিচ্ছেন নাগরিক সমাজ। জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মীদেরও বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাও পূর্ব বর্ধমানের সাফল্যে উৎসাহিত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পূর্ব বর্ধমানের পাশাপাশি সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা ২ কোটি ৩৭ লক্ষ ৩৩ হাজার ৪৩৪টি শ্রমদিবস তৈরি করেছে। সারা দেশের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানে নেমে গিয়েছে অন্ধ্রপ্রদেশের জেলা প্রকাশম।
