হুইল চেয়ার করে পুজো কার্নিভালে অংশ নিচ্ছেন প্রবীণরাও

এবছর কার্নিভালের থিম রাঙামাটির বাংলা

শুরু হয়ে গেছে চতুর্থ বছরের পুজো কার্নিভাল। কাতারে কাতারে মানুষ এই শোভাযাত্রা দেখতে জড়ো হয়েছেন রেড রোডে। দুর্গাপুজোর শেষে আরেক উৎসবে মেতে উঠেছে মহানগর।

পুজো কার্নিভালের খ্যাতি ইতিমধ্যেই দেশের ভূখণ্ড ছাড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। এই বছর কার্নিভালের থিম রাঙামাটির বাংলা। গোটা রেড রোড জুড়ে বিস্কুট ও পোড়ামাটির রং-এ মণ্ডপ তৈরি করা হয়েছে। কার্নিভালে হাজির রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিদেশি অতিথিদের জন্য আলাদা মঞ্চের ব্যবস্থা হয়েছে।

শোভাযাত্রায় সবার প্রথমে ছিল শ্রীভূমি স্পোর্টিং। ৪৭ বছরের এই পুজো কমিটি তাদের দেবীকে এবার অষ্টাদশভূজা করে সাজিয়ে তুলেছে। তারপর আসে একডালিয়া এভারগ্রিন ক্লাব। ৮২ বছরের কাশী বোস লেন আসে তার ঠিক পরে। হুইল চেয়ারে বসে এবারের শোভাযাত্রায় অংশ নিচ্ছেন প্রবীণরাও। সব মিলিয়ে ৭২টি পুজো কমিটি যোগ দিয়েছে এবারের কার্নিভালে। পুজো কার্নিভাল বাংলার পর্যটনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে ইতিমধ্যেই। 
 

Developed by DXDasia