মলমূত্র রুখতে হাওড়ার গঙ্গাপারে ৩০টি সুলভ শৌচালয়

হাওড়া পুরনিগমের একটি উদ্যোগ

শুধুমাত্র প্লাস্টিক বা বর্জ্য পদার্থ নয়, মলমূত্রও সাংঘাতিকভাবে ক্ষতি করে গঙ্গার জল। মানুষের সচেতনতা বাড়াতেই এবার হাওড়া পুর এলাকায় গঙ্গার পাড়ে তৈরি হচ্ছে ৩০টি সুলভ শৌচালয়। এগুলি তৈরি হচ্ছে বালি থেকে শিবপুর পর্যন্ত গঙ্গার ধার বরাবর। হাওড়া পুরনিগমের উদ্যোগে শৌচালয়গুলি তৈরি হলেও, দেখভালের জন্য কোনও বেসরকারি বা স্বেচ্ছাসেবী সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। হাওড়া জেলার প্রায় পুরোটা জুড়েই গঙ্গা। অথচ প্রতিনিয়ত এই নদী ক্রমশ দূষিত হচ্ছে। বাড়ছে রোগ। স্বাভাবিকভাবেই হাওড়া পুরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। ভোর থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে মলমূত্র ত্যাগ করার লাইন পড়ে যায়। ফুলতলা ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, ছাতুবাবুর ঘাট-সহ সমস্ত ঘাটের ছবিটা প্রায় এক। অস্থায়ীভাবে প্রচুর বস্তি আছে সেখানে। তাদের অধিকাংশই গঙ্গার পাড়কে কার্যত শৌচালয়ে পরিণত করেছেন। পরে জোয়ার এলে গঙ্গা পাড়ের সেই সমস্ত নোংরা আবর্জনা, মলমূত্র সবই গঙ্গায় গিয়ে মেশে। তার মধ্যেই গঙ্গায় স্নান করছেন তারা।

হাওড়া পুরনিগমের কমিশনার তথা প্রশাসক পর্ষদের চেয়ারম্যান জানান, ৩০টি সুলভ শৌচালয় তৈরি করা হবে। কয়েকটি জায়গায় জমির সমস্যা রয়েছে। খুব শীঘ্রই তা সমাধান করা হবে। এর আগেও মলমূত্র রুখতে গঙ্গার ধারে শৌচালয় তৈরির নির্দেশ দিয়েছিল কোর্ট। অনেক জায়গাতেই সেই কাজ হয়নি। হাওড়া পুরনিগমের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন প্রত্যেকেই।

Developed by DXDasia