
শুক্রবার সকাল ৯.২৯ মিনিটে সফল উৎক্ষেপণ হয় শ্রীহরিকোটা থেকে
৩১টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর মহাকাশযান পিএসএলভি সি-৩৮। শুক্রবার সকাল ৯.২৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে এই মহাকাশযান।
ইসরোর পক্ষ থেকে জানা গিয়েছে, ভারতের কার্টোস্যাট-২ সিরিজের একটি স্যাটেলাইট ও ১৪টি দেশের আরও ৩০টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে পিএসএলভি সি-৩৮। অন্য দেশগুলি হল – অস্ট্রিয়া, চিলি, স্লোভাক, বেলজিয়াম, চেক রিপাবলিক, ফ্রান্স, ইতালি, জার্মানি, ফিনল্যান্ড, জাপান, লাতভিয়া, লিথুয়ানিয়া, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। মোট ৩১টি উপগ্রহের ওজন প্রায় ৯৫৫ কেজি।
সবচেয়ে বেশি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেওয়ার ক্ষেত্রে এটি ভারতের দ্বিতীয় সাফল্য। এর আগে ১৫ ফেব্রুয়ারি ১০৪টি উপগ্রহ নিয়ে পাড়ি দিয়েছিল পিএসএলভি সি-৩৭।
ভারতের কার্টোস্যাট-২ উন্নতমানের ক্যামেরা দিয়ে নিয়মিত পাঠাবে মহাকাশ থেকে তোলা ছবি। গ্রাম ও নগরোন্নয়ন, উপকূলের পরিস্থিতি, জল সরবরাহ, নেটওয়ার্ক মনিটরিং ইত্যাদি কাজে ব্যবহৃত হবে কার্টোস্যাট-২ থেকে পাঠানো ছবি।
